দুই বছরের বেশি সময় ধরে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। চার বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না কোম্পানিটি। এ ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও কোম্পানিটির শেয়ারদর কারণ ছাড়াই বাড়ছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৪ দশমিত ৪৪ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর কর্মকর্তারা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রিজেন্ট টেক্সটাইলের কারখানা পরিদর্শনে গিয়ে কার্যক্রম বন্ধ দেখতে পান। সে তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সিকিউরিটিজ আইনানুসারে কারখানার কার্যক্রম বন্ধ থাকলে সে তথ্য বিনিয়োগকারীদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে। যদিও স্টক এক্সচেঞ্জকে এ-সংক্রান্ত কোনো তথ্য জানায়নি রিজেন্ট টেক্সটাইল।
সর্বশেষ ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক তথ্য প্রকাশ করেছে রিজেন্ট টেক্সটাইল মিলস। এর পর থেকে কোম্পানিটি কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। ফলে কোম্পানিটির প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক তথ্য জানতে পারছেন না বিনিয়োগকারীরা। ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।
রিজার্ভে রয়েছে ১৪০ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ১২ হাজার ১৩৭। এর ৫৪ দশমিক ৫৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৬১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ৮৪ শতাংশ শেয়ার রয়েছে।
আলোচ্য হিসাব বছরে রিজেন্ট টেক্সটাইলের আয় হয়েছিল ১১০ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮৬ কোটি টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২০ কোটি ৮০ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল প্রায় ৪ কোটি টাকা।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫২ পয়সায়। আলোচ্য হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি রিজেন্ট টেক্সটাইলের পর্ষদ।










