পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পৃথক বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিমিয়ার ব্যাংকের সাত বছর মেয়াদি ৬০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুললি রিডেমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের কুপন হার হবে ৭ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৬ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে যথাক্রমে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
অন্যদিকে আইপিডিসি ফাইন্যান্সের ছয় বছর মেয়াদি ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, ফুললি রিডেমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট বিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের কুপন হার হবে ৭ দশমিক ৫০ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ আইপিডিসি ফাইন্যান্সের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ব্যবহার করা হবে। বন্ডটির ট্রাস্টি ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে সিএপিএম এডভাইজরি লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।










