চলতি বছরের ১১ মাসে ভিয়েতনাম থেকে ৫৯ লাখ ১০ হাজার টন চাল রফতানি হয়েছে, যা থেকে দেশটির আয় ২৬০ কোটি ডলার। একক মাস হিসেবে নভেম্বরে রফতানি হয়েছে চার লাখ টন চাল, যা থেকে আয় ১৮ কোটি ৬০ লাখ ডলার। দেশটির কৃষি মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার প্রডাক্ট প্রোসেসিং অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ভিয়েতনাম নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনামের চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে এ সময় চাল রফতানি থেকে দেশটির আয় কমেছে ৯ দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদনে হংকংয়ে রাজনৈতিক সংকট ও ইন্দোনেশিয়ার পর্যাপ্ত চাল মজুদের তথ্য উল্লেখ করে সরকারি এ বিভাগ বলছে, আগামীতে ভিয়েতনাম ও অন্যান্য দেশ থেকে চাল রফতানি কিছুটা বাধার সম্মুখীন হতে পারে।

সরকারি এ প্রতিবেদনে ভিয়েতনামের কৃষিপণ্যের দাম ও আন্তর্জাতিক বাজারের দাম তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেকং ডেল্টা প্রদেশে নভেম্বরে চালের দাম কিছুটা বেড়েছে। এছাড়া এ সময় চালের সরবরাহ কম থাকার বিপরীতে চাহিদা বাড়ায় মেকংয়ের পাশাপাশি ভিয়েতনামেও বাজার ঊর্ধ্বমুখী ছিল।