চলতি বিপণন মৌসুমে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গমের উৎপাদন প্রাক্কলন বাড়িয়েছে ইউরোপিয়ান ট্রেড অ্যাসোসিয়েশন সিওসিইআরএএল। প্রতিষ্ঠানটির সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়, এবার ইইউজুড়ে মোট ১৫ কোটি ২৬ লাখ টন গম উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

সিওসিইআরএএলের প্রাক্কলন অনুযায়ী, মোট উৎপাদিত গমের মধ্যে সফট গমের উৎপাদন দাঁড়াতে পারে ১৪ কোটি ৫০ লাখ টনে। আগের প্রাক্কলনে এর পরিমাণ ছিল ১৪ কোটি ৩০ লাখ টন। সে হিসাবে নতুন প্রাক্কলনে খাদ্যপণ্যটির উৎপাদন ২০ লাখ টন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এ অঞ্চলে প্রতি বছরের জুলাই থেকে গমের নতুন বিপণন মৌসুম শুরু হয়, যার মেয়াদ পরের বছরের জুন পর্যন্ত। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইইউভুক্ত দেশের মধ্যে এবার সর্বাধিক গম উৎপাদন হতে পারে ফ্রান্সে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, জুন-জুলাইব্যাপী প্রচণ্ড দাবদাহ বিরাজ করা সত্ত্বেও এবার দেশটিতে সফট গমের রেকর্ড আবাদ হয়েছে।

এদিকে ইউএসডিএর সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, এবার সব মিলিয়ে ১৫ কোটি ৩৫ হাজার টন গম উৎপাদন হতে পারে ইইউতে, যা আগের মাসের প্রাক্কলনের তুলনায় কিছুটা বেশি। নভেম্বরের প্রতিবেদনে এর পরিমাণ ছিল ১৫ কোটি ৩০ হাজার টন।

এদিকে গমের উৎপাদন প্রাক্কলন বাড়লেও এ অঞ্চলে এবার ভুট্টা উৎপাদনে মন্দা ভাব বজায় থাকতে পারে। সিওসিইআরএএলের প্রতিবেদনে বলা হয়, চলতি বিপণন মৌসুমে ইইউজুড়ে মোট ৬ কোটি ১৫ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। আগের প্রাক্কলনে এর পরিমাণ ছিল ৬ কোটি ১৬ লাখ টন। তবে আগের মৌসুমের তুলনায় এ অঞ্চলের খাদ্যপণ্যটির উৎপাদন বাড়বে। গত মৌসুমে ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ৬ কোটি ১৩ লাখ টন ভুট্টা উৎপাদন করেছিল।