পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড পৃথকভাবে মোট  ১ হাজার ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পূবালী ব্যাংক ১ হাজার কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ও প্রিমিয়ার ব্যাংক ৬০০ কোটি টাকার নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়তে চায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংক দুটি।

পূবালী ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাসেল-৩-এর অধীনে টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ১ হাজার কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য শর্ত পূরণ করে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি।

প্রিমিয়ার ব্যাংক: সাত বছর মেয়াদি ৬০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুললি রিডিম্বেল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাসেল-৩-এর অধীনে টায়ার-২ মূলধন শক্তিশালী করতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ডটি ইস্যু করতে চায় প্রিমিয়ার ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য শর্ত পূরণ করে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি।