আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম। মূলত বিশ্বের শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশ চীনে কঠোর লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়। এর আগে টানা তিনদিন ডলারের দরপতনের কারণে নিম্নমুখী ছিল তামার বাজার।
তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৯ হাজার ৪৭০ ডলারে লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি। এর আগের তিন কার্যদিবসে ধাতুটির দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত কমেছিল।
অন্যদিকে মার্কিন কমেক্সে ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্য ১ দশমিক ১ শতাংশ বেড়ে পাউন্ডপ্রতি ৪ ডলার ৩১ সেন্টে উন্নীত হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলেন, চীনের সাংহাই শহরে ধারাবাহিকভাবে লকডাউন উঠিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। ফলে অর্থনীতিতে আবারো গতিসঞ্চার হচ্ছে। এটি তামার চাহিদা শক্তিশালী করে তুলতে সহায়তা করছে।










