পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি ২০২২ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর একটি ‘আর্নিং ডিসক্লোজার প্রোগ্রাম’ করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ  সোমবার এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। আগামী ১৯মে বিকাল সাড়ে ৪টায় ভার্চুয়াল মাধ্যমে এ প্রোগ্রাম করবে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এতে ব্যাংকটির সব স্টেকহোল্ডারদের অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। 

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের সমন্বিত পরিচালন আয় হয়েছে ৬০৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৭২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ৬ শতাংশ। টাকার অংকে যা ৩৪ কোটি ৩৯ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির পরিচালন ব্যয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ। আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে যেখানে ব্যাংকটির পরিচালন ব্যয় ছিল ২৮২ কোটি টাকা। সেখানে এ প্রান্তিকে পরিচালন ব্যয় হয়েছে ৩০৯ কোটি টাকা। পরিচালন ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ও কর বাবদ ব্যাংকের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার কারণে আয় বাড়লেও সিটি ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের কর-পরবতী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮৮ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ১০৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১৫ কোটি ৬০ লাখ টাকার মতো। আলোচ্য প্রান্তিকে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩০ টাকা ৬৮ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও বাকি সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ জুন ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৫ মে। 

আলোচ্য হিসাব বছরে সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৪ টাকা ৯ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১ টাকা ৬ পয়সা বা ২৫ দশমিক ৯২ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৬৫ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে সিটি ব্যাংক। ২০১৯ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। ২০১৮ হিসাব বছরে মোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল সিটি ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এছাড়া ২০১৭ হিসাব বছরে ১৯ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।