আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের বিনিময় হার কমে যাওয়া ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা মূল্যবান ধাতুটির দরবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে ফেডের বৈঠকের আগে প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষা করছেন। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৪ হাজার ২২৫ ডলার ১১ সেন্টে। এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ২৫৫ ডলার ৯০ সেন্টে।
ডলারের বিনিময় হার প্রায় পাঁচ সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠছে। ফলে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।
অনলাইন ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান এফএক্সটিএমের সিনিয়র বিশ্লেষক লুকমান ওটুনুগা বলেন, ‘ফেড সামনের দিনগুলোয় সুদহার কমাতে পারে। এছাড়া ডলারের বিনিময় হার নিম্নমুখী থাকার সম্ভাবনাই বেশি। এর প্রভাবে স্বর্ণের দাম গতকাল কিছুটা বেড়েছে।’
প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকারভাতা আবেদনের সংখ্যা গত সপ্তাহে ১ লাখ ৯১ হাজারে নেমেছে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন। এটি অর্থনীতিবিদদের প্রত্যাশিত ২ লাখ ২০ হাজারের তুলনায় কম। অন্যদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতের কর্মসংস্থান কমেছে ৩২ হাজার। এটি দুই থেকে আড়াই বছরের মধ্যে সবচেয়ে বড় হ্রাস।
রয়টার্সের এক জরিপ অনুযায়ী, ১০০ জনের বেশি অর্থনীতিবিদ মনে করছেন, ফেডারেল রিজার্ভ ৯-১০ ডিসেম্বরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাতে পারে। শ্রমবাজারের মন্দা মোকাবেলায় এমন পদক্ষেপ নিতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
কমোডিটি ব্রোকার ও ফাইন্যান্স কোম্পানি মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেইর জানিয়েছেন, পরবর্তী সপ্তাহ পর্যন্ত স্বর্ণের বাজার স্থিতিশীল থাকতে পারে। মূল্যবান ধাতুটির দাম শিগগিরই খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।
অন্যান্য ধাতুর মধ্যে গতকাল স্পট মার্কেটে রুপার দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৫৮ ডলার ১৯ সেন্টে। এছাড়া সপ্তাহজুড়ে ধাতুটির দরবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১ শতাংশ।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রুপার চাহিদা বৃদ্ধি, ফেডের সুদহার কমানোর প্রত্যাশা এবং ডলারের বিনিময় হার কমে যাওয়ায় ধাতুটির দাম বাড়ছে।
আন্তর্জাতিক বাজারে চলতি বছরের এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ১০১ শতাংশ। বাজারে সরবরাহ ঘাটতিও ধাতুটির দাম বাড়ার পেছনে অন্যতম ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। পাশাপাশি রুপাকে ক্রিটিক্যাল মিনারেলসের তালিকায় যোগ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ফলে ধাতুটির ওপর নতুন শুল্ক আরোপের আশঙ্কা তৈরি হয়েছে।
প্লাটিনামের দাম গতকাল বেড়েছে দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ১ হাজার ৬৫৭ ডলার ৫০ সেন্টে। এ সময় প্যালাডিয়ামের দাম দাঁড়ায় আউন্সপ্রতি ১ হাজার ৪৬৬ ডলার ৫৪ সেন্টে, যা এর আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি।










