পুঁজিবাজার থেকে বুক-বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকার মালিকানাধীন প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড। সে উপলক্ষে কোম্পানিটির ব্যবসায়ী পরিকল্পনা তুলে ধরতে গতকাল হোটেলটিতে রোড শোর আয়োজন করা হয়।

আইপিওর মাধ্যমে বেস্ট হোল্ডিংস তার মোট শেয়ারের ১০ শতাংশ আফলোড করবে। বর্তমানে কোম্পানিটির ব্যাংকঋণ রয়েছে ১৭৬ কোটি ১৭ লাখ টাকা। উত্তোলিত অর্থের প্রায় ৩০ শতাংশ কোম্পানিটির উচ্চসুদে নেয়া ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। অবশিষ্ট ৭০ শতাংশ অর্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনালের পরিচালনায় ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন কোম্পানিটির লাক্সারি কালেকশন ব্র্যান্ড প্রকল্পে ব্যয় করা হবে।

বেস্ট হোল্ডিংসের পরিশোধিত মূলধন রয়েছে ৯২৫ কোটি ৫৭ লাখ টাকা। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বেস্ট হোল্ডিংসের আয় হয়েছে ২৬২ কোটি ৩৯ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১০১ কোটি ৭৫ লাখ টাকা আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ২২ পয়সায়।