ভারতে জানুয়ারিতে পাম অয়েল আমদানি কমে নেমেছে তিন মাসের সর্বনিম্নে। এ সময় পরিশোধন কেন্দ্রগুলো পাম অয়েলের বদলে সয়াবিন তেল কিনেছেন বেশি। ব্যবসায়ীরা জানান, পরিশোধনাগারগুলোয় চাহিদা কমার কারণে আমদানিও কমেছে পাম অয়েলের। খবর বিজনেস রেকর্ডার।
ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক। দেশটি পাম অয়েল আমদানি কমিয়ে দেয়ায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় মজুদ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এমনটি ঘটলে পণ্যটির বাজারদর নিম্নমুখী হয়ে পড়বে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
ডিলাররা বলছেন, জানুয়ারিতে ভারত ৭ লাখ ৮৭ হাজার টন পাম অয়েল আমদানি করে। আগের মাসের তুলনায় আমদানি ১২ শতাংশ কমেছে।
অপরিশোধিত পাম অয়েল আমদানি ১৬ শতাংশ কমে নেমেছে ৫ লাখ ৪১ হাজার টনে।
অন্যদিকে পাম অয়েলের তুলনায় সাশ্রয়ী দাম এবং ইতিবাচক পরিশোধন মার্জিনের কারণে ব্যবসায়ীরা সয়াবিন তেল আমদানি বাড়িয়েছেন। জানুয়ারিতে আমদানি হয়েছে ১ লাখ ৯০ হাজার টন, যা আগের মাসের তুলনায় ২৪ শতাংশ বেশি।
ভোজ্যতেল ব্রোকারেজ প্রতিষ্ঠান সানবিন গ্রুপের সিইও সন্দিপ বাজোরিয়া বলেন, ‘আগামী মাসগুলোয় আমদানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ পাম অয়েল ও সূর্যমুখী তেলের বিপরীতে সয়াবিন তেলের দাম কমছে।’










