টাইলস নির্বাচন প্রক্রিয়া আরো সহজ ও নির্ভুল করার লক্ষ্যে আধুনিক ‘এআর স্টুডিও’ অ্যাপ চালু করেছে আকিজ সিরামিকস লিমিটেড। রাজধানীর পূর্বাচলের আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সিরামিক এক্সপোয় গতকাল এই অ্যাপের উদ্বোধন করা হয়। এ সময় আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলমসহ আকিজ সিরামিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, আধুনিক এআর স্টুডিও অ্যাপ ব্যবহারকারীরা এখন ঘরে বসেই বাস্তব স্থানে টাইলসের ডিজাইন কেমন দেখাবে তা মোবাইলের পর্দায় তাৎক্ষণিকভাবে প্রিভিউ করতে পারবেন। ফলে টাইলস নির্বাচন প্রক্রিয়ায় অনিশ্চয়তা কমবে, সিদ্ধান্ত গ্রহণ হবে আরো সহজ ও নির্ভুল। ব্যবহারকারীরা ঘরের ধরন অনুযায়ী বিভিন্ন নকশা পরীক্ষা করতে পারবেন।










