গত বছর ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুদ ১৯ টন কমেছে। দ্বিতীয়ার্ধে ১২ টন কমার ফলে ২০২০ সালে ভেনিজুয়েলার স্বর্ণের মজুদ দাঁড়িয়েছে ৮৬ টনে, যা দেশটির ৫০ বছরের ইতিহাসে সর্বনিম্ন। খবর মাইনিং ডট কম।

মজুদ স্বর্ণ কোথায় ব্যয় হয়েছে তা জানায়নি ভেনিজুয়েলা কর্তৃপক্ষ। গত ডিসেম্বরে ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের মজুদকৃত ৮৬ টন স্বর্ণের আর্থিক মূল্য ছিল ৫১০ কোটি ডলার। সরকারি উপাত্তে দেখা গেছে, ২০১৯ সালের ডিসেম্বরে ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুদ ছিল ১০৫ টন।

কোয়ারেন্টিনের কারণে খুব অল্প কর্মী ব্যাংকে কাজে এসেছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। কিন্তু সরকারের জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে স্বর্ণ বিনিময় করতে হয়েছে।

কয়েক দশক ধরেই তেলসমৃদ্ধ দেশটির স্বর্ণের মজুদ ৩০০ টনের বেশি ছিল। কিন্তু ২০১৫ থেকে আন্তর্জাতিক ব্যাংকের ঋণ গ্রহণে স্বর্ণ ব্যবহার করে আসছে কেন্দ্রীয় ব্যাংক।