চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধের জেরে গত সোমবার কার্যদিবস শেষে তামার দাম গত দুই বছরের সর্বনিম্নে চলে এসেছে। এছাড়া এদিন দস্তা ও টিনের দামও ছিল নিম্নগতিতে। তবে এ সময় ইন্দোনেশিয়া থেকে সরবরাহ সংকটের আশঙ্কায় নিকেলের দাম আগের তুলনায় বেড়ে গেছে। চাহিদা বাড়ায় এদিন সেভ হেভেন স্বর্ণের দাম বেড়ে গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছে যায়। রুপা, প্লাটিনাম, স্টেইনলেস স্টিল ও প্যালাডিয়ামের দামেও চাঙ্গা ভাব বজায় ছিল। খবর সিএনবিসি, কিটকো ও বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সোমবার কার্যদিবস শেষে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৫ হাজার ৬৮৫ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কম। এদিন লেনদেনের একপর্যায়ে প্রতি টন তামার দাম ৫ হাজার ৬৪০ ডলারে নেমে আসে, যা ধাতুটির গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৭ সালের জুনে তামার দাম সর্বনিম্ন অবস্থানে চলে এসেছিল। একই দিনে ফিনিশড অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় ৪ শতাংশ কমে প্রতি টন ১৭ হাজার ৬৩ ডলারে বিক্রি হয়। দস্তার দাম কমে প্রতি টন ২ হাজার ৩১১ ডলারে বেচাকেনা হয়। টিনের দামেও মন্দা ভাব দেখা দেয় এদিন। প্রতি টন টিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কমে ১৬ হাজার ৯০৫ ডলারে বিক্রি হয়।
তবে এদিন ইন্দোনেশিয়া থেকে সরবরাহ সংকট ঝুঁকিতে চাঙ্গা ভাব বজায় ছিল নিকেলের দামে। এ সময় এলএমইতে তিন মাসের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল ১৪ হাজার ৮৮০ ডলারে বিক্রি হয়, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ বেশি। একই দিনে স্টেইনলেস স্টিলের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছে যায়। এলএমইতে প্রতি টন স্টেইনলেন স্টিল বিক্রি হয় ১৪ হাজার ৯৭০ ডলারে। সিসার দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি টন ১ হাজার ৯৫৪ ডলারে পৌঁছে যায়।
এছাড়া এলএমইতে সোমবার স্বর্ণের দাম গত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। এদিন স্বর্ণের স্পট মূল্য আগের দিনের তুলনায় প্রতি আউন্সে ২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬৯ ডলার ৬ সেন্টে কেনাবেচা হয়। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৪৬৫ ডলারে বেচাকেনা হয়, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। এ সময় বাড়তির দিকে থাকে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও।










