দিনব্যাপী এ আয়োজনে এবারের প্রতিপাদ্য ‘হোয়্যার মাদার্স বিকাম আইকনস’। ভিন্ন আঙ্গিকে মায়েদের উদ্যোগ, নেতৃত্ব ও পরিবর্তনের কারিগর হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক, যা সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে ‘মাদার্স মার্কেট’-এর মাধ্যমে। মায়েদের পরিচালিত প্রায় ৩০টি প্রতিষ্ঠানের এ আয়োজনে স্থান পাবে হাতে তৈরি পণ্য, বুটিক ফ্যাশন, ঘরোয়া খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক উদ্ভাবন সামগ্রী। এদিন রাত ৯টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। যেখানে দর্শনার্থীরা দিনভর কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তা মায়েদের সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ পাবেন।

মা দিবস উদযাপনে দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে ‘দ্য বিস্ট’ এবং ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ শীর্ষক লিডারশিপ সেশন। যেখানে ১ ঘণ্টার প্যানেল আলোচনায় অংশ নেবেন সফল পেশাজীবী ও অনুপ্রেরণাদায়ী মায়েরা। জানা গেছে, সেশন শেষে ব্র্যাক ব্যাংক ‘তারা’ কার্ডহোল্ডাররা বিকালের চা-নাশতার আয়োজনে অংশ নিতে পারবেন। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে ‘ইন্সপায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’, ‘মমপ্রেনর’, ‘মোস্ট ক্রিয়েটিভ মাদার’ এবং ‘ইনস্পায়ারিং মাদার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে অধ্যবসায়, সৃজনশীলতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের সম্মাননা জানানো হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ আর্থিক সেবার গণ্ডি পেরিয়ে নারীদের কণ্ঠকে আরো শক্তিশালী করবে।