ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পর্ষদ। পাঁচ বছর মেয়াদি এ বন্ড ইস্যু করে ব্যাংকটি ৫০৬ কোটি টাকা সংগ্রহ করতে চায়। যদিও এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছিল ২০২১ সালের ২৯ নভেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। কিন্তু এ বন্ডের শর্তাবলি, সময়রেখা ও রেট সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় সংশোধন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, ব্যাংকটি এ বন্ড ইস্যুর মাধ্যমে তাদের অ্যাসেট পোর্টফোলিও বাড়াবে। উচ্চসম্পদশালী ব্যক্তি, সাধারণ বীমা কোম্পানি, জীবন বীমা কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, করপোরেট ও ট্রাস্টের অনুকূলে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। বন্ডটির ডিসকাউন্ট মূল্য ৪২৯ কোটি ৪৪ লাখ থেকে ৪৪০ কোটি ৫৭ লাখ টাকা। আর এর ডিসকাউন্ট রেট ৬ দশমিক ৫০ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশ। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৩ পয়সায়। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় গত ১৪ জুন অনুষ্ঠিত ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৩ মে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৪২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা।