২০৩৫ অর্থবছরের মধ্যে সব গাড়ি বিদ্যুচ্চালিত করতে চায় মিৎসুবিশি মোটরস। এ লক্ষ্যমাত্রা পূরণে ২০৩০ অর্থবছরের মধ্যে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপানভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি। খবর কিয়োদো এজেন্সি।
আগের ঘোষণায় ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ গাড়ি ইভিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল মিৎসুবিশি। এবার সম্পূর্ণ ইভিনির্ভর গাড়ি কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা জানাল গাড়ি নির্মাতা জায়ান্টটি।
গতকাল এক সংবাদ সম্মেলনে মিৎসুবিশি মোটরসের প্রেসিডেন্ট তাকাও কাতো বলেন, ‘ইভিতে আমরা জোর দিচ্ছি। কার্বন নিরপেক্ষ কোম্পানিতে রূপান্তরে আমরা নতুন প্রযুক্তি চালু করব। বর্তমানে কোম্পানির মাত্র ১০ শতাংশ গাড়ি বিদ্যুচ্চালিত।’
তিনি জানান, ২০৩১ সালের মার্চের মধ্যে ইভিতে বিনিয়োগ ১ দশমিক ৪ ট্রিলিয়ন থেকে ১ দশমিক ৮ ট্রিলিয়নে দাঁড়াবে।
আগামী পাঁচ বছরে ১৬টি নতুন মডেলের গাড়ি বাজারে আনবে মিৎসুবিশি। এর মধ্যে নয়টি বিদ্যুচ্চালিত। ২০৩০ অর্থবছরের মধ্যে ব্যাটারি সংগ্রহে ২১ হাজার কোটি ইয়েন ব্যয় করবে জাপানি কোম্পানিটি।










