চলতি মৌসুমের ২১ জুন পর্যন্ত ব্রাজিলের কৃষকরা প্রায় ৩৫ শতাংশ কফি সংগ্রহ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় কফি সংগ্রহে ধীরগতি দেখা দিয়েছে। এছাড়া অতীতের যেকোনো সময়ের তুলনায় বছরের এ সময়ের কফি সংগ্রহও নিম্নমুখী। বাজার পরামর্শক প্রতিষ্ঠান সাফ্রাস অ্যান্ড মার্কাডো সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছর ব্রাজিলের কফিচাষীরা বছরের শুরু থেকে ২১ জুন পর্যন্ত ৪০ শতাংশ কফি সংগ্রহ করেছিলেন। ওই সময় পাঁচ বছরের গড় সংগ্রহের পরিমাণ ছিল ৪৪ শতাংশ। মূলত যেসব অঞ্চলে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় সেসব জায়গায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শুষ্ক আবহাওয়ার কারণে কফি সংগ্রহ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সাফ্রাসের বিশ্লেষক গিল বারাব্যাচ বলেন, কোনো কোনো গাছে কফি পরিপক্ব হয়েছে আবার কোনোটিতে হয়নি। এ কারণে কৃষক এখনই কফি তুলতে পারছেন না। তাছাড়া অনেক অঞ্চলে শ্রমিক সংকটও তীব্র আকার ধারণ করেছে।










