জাপানে চলতি বছরের আগস্ট পর্যন্ত টানা তিন মাসে পর্যটকের সংখ্যা ২০ লাখের বেশি ছিল। কভিড-১৯ মহামারীর পর প্রথমবারের মতো দেশটি ৮০ শতাংশ পর্যটক আকর্ষণ করেছে। সম্প্রতি জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (জেএনটিও) এ তথ্য প্রকাশ করে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
গত মাসে দেশটিতে আসা বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ২১ লাখ ১৬ হাজার। এখন পর্যন্ত পর্যটক সংখ্যা প্রাক-কভিড পর্যায়ের ৮৫ দশমিক ৬ শতাংশে তোলা সম্ভব হয়েছে। যদিও এ সময় চলতি বছরের জুলাইয়ের তুলনায় কমেছে পর্যটক সংখ্যা। জুলাইয়ে দেশটিতে পর্যটক সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার।
জাপানে পর্যটন খাত ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। পেছনে আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি এবং ইয়েনের মান কমে যাওয়ায় ভূমিকা রেখেছে। তবে চীনা পর্যটন সংখ্যা এখনো প্রাক-মহামারী স্তরের নিচে। বেইজিং সম্প্রতি জাপানে গ্রুপ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এতে জাপানে পর্যটকের সংখ্যা গত মাসের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে।
আগস্টে জাপানে চীনা পর্যটকের সংখ্যা ছিল ৩ লাখ ৬৪ হাজার। ২০১৯ সালে জাপানে পর্যটক সংখ্যার ৩০ শতাংশই ছিল চীনের। মোট পর্যটক ব্যয়ে চীনের হিস্যা ছিল ৪০ শতাংশ।
মহামারী চলাকালীন জাপানে ভ্রমণ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল, কিন্তু দেশটির সরকার ২০২২ সালের অক্টোবরে অনেক দেশের জন্য ভিসা-মুক্ত ভ্রমণ পুনরায় শুরু করায় এবং ২০২৩ সালের মে মাসে কভিড-১৯ নিয়ন্ত্রণ পুরোপুরি বাতিল করার পর থেকে দেশটিতে পর্যটক বেড়েছে।










