২ হাজার ৮০০ কোটি ডলারে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান স্প্লাঙ্ককে কিনে নিচ্ছে সিসকো সিস্টেমস। সফটওয়্যার ব্যবসা সম্প্রসারণে প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি এটি। চলতি বছরে প্রযুক্তি খাতে সবচেয়ে বড় লেনদেনের ঘটনাও এটি। খবর রয়টার্স। 

মহামারী-পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি সরবরাহ চেইন ও চাহিদার ঘাটতিজনিত সংকটের মুখে পড়ে। নতুন চুক্তি বাস্তবায়ন হলে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠবে প্রতিষ্ঠানটি। সিসকো দীর্ঘদিন ধরেই প্রচলিত হার্ডওয়্যার যন্ত্রপাতির ওপর নির্ভরতা কমাতে চেয়েছে এবং বাড়াতে চেয়ে সফটওয়্যার ও পরিষেবাজনিত খাতে। কোম্পানিগুলোয় সাইবার নিরাপত্তা ও বহিরাগত ঝুঁকি থেকে নিরাপত্তা দেয়ার সংস্থা হিসেবে পরিচিত স্প্লাঙ্ক। 

দুই কোম্পানির মধ্যে এর আগেও একীভূতকরণ নিয়ে আলোচনা হয়েছে। তবে অধিকাংশ সময়ই তা মাঝপথে থেমে গেছে।

স্প্লাঙ্ককে শেয়ারপ্রতি ১৫৭ ডলার দিতে চেয়েছিল সিসকো। স্প্লাঙ্কের সঙ্গে সিসকোর আগে থেকেই তথ্য নিরাপত্তাবিষয়ক চুক্তি ছিল। স্প্লাঙ্কের গ্রাহক সংখ্যা ১৫ হাজারের বেশি। তাদের মধ্যে কোকা-কোলা, ইন্টেল ও পোরশের নামও রয়েছে।