নির্ধারিত রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের। এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানিটি চলতি ২০২২ হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী বুধবার।

নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্রামীণফোনের আয় হয়েছে ৭ হাজার ৪২২ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৭ হাজার ৫৭ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৫ শতাংশ। প্রধমার্ধে কোম্পানিটির পরিচালন খাতে ব্যয় হয়েছে ৪ হাজার ৩০৪ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ৩ হাজার ৮৫৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন ব্যয় বেড়েছে ১১ শতাংশের বেশি। ফলে চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ কমে ৩ হাজার ১১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৭৩০ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৭৪১ কোটি টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১১ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৮৯ পয়সা।