ইরানে ২০ মার্চ নতুন অর্থবছর শুরু হয়। করোনা মহামারীর মধ্যেও চলতি ২০২০-২১ অর্থবছরে দেশটিতে চালের বাম্পার উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। খবর তেহরান টাইমস।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন গ্রেইনস অ্যান্ড এসেনশিয়াল গুডস বিভাগের ডিরেক্টর জেনারেল ফারামাক আজিজ-কারিমি জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে ইরানে সব মিলিয়ে ৬ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ বেশি। এর জের ধরে দেশটিতে চাল উৎপাদনও বাড়তির পথে রয়েছে। ২০২০-২১ অর্থবছর শেষে ইরানে সব মিলিয়ে ২৬ লাখ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ইরানে সাকল্যে ১৯ লাখ ৯৩ হাজার টন চাল উৎপাদন হয়েছে। এর আগের অর্থবছরেও দেশটিতে একই পরিমাণ চাল উৎপাদন হয়েছিল। সেই হিসাবে চলতি অর্থবছরে ইরানে খাদ্যপণ্যটির উৎপাদন বাড়তে পারে ছয় লাখ টনের বেশি। করোনা মহামারীর মধ্যে ইরানের কৃষি খাতে এটা বড় একটি অর্জন।