কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো সম্প্রসারণে ফিনল্যান্ডে রেকর্ড ১৩ বিলিয়ন ইউরো বা প্রায় ১৫ দশমিক ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল। ইউরোপে এটিই এখন পর্যন্ত প্রযুক্তি জায়ান্টটির সবচেয়ে বড় বিনিয়োগ।

গুগল জানায়, ফিনল্যান্ডের জ্বালানি কোম্পানি ফোর্টামের সঙ্গে ২২ বছরের একটি পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। গুগলের বিনিয়োগের খবর প্রকাশের পর ফোর্টামের শেয়ারদর একপর্যায়ে ৯ শতাংশ বেড়ে যায়। খবর সিএনবিসি।

গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট বলেন, ‘ফিনল্যান্ডে ১৫ বছরের বেশি সময় ধরে গুগলের বিনিয়োগ রয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে দেশটিতে কার্যক্রম আরো গভীর হবে। একই সঙ্গে প্রযুক্তি অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নতুন জ্বালানি সক্ষমতা, বিদ্যুৎ গ্রিড উন্নয়ন ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।’

প্রতিবেদনে বলা হয়, এআইয়ের দ্রুত বিস্তারের কারণে ইউরোপজুড়ে ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। কিন্তু মহাদেশটির অনেক এলাকায় জমি ও বিদ্যুতের সরবরাহ সীমিত। এ কারণে পর্যাপ্ত জমি ও বিদ্যুতের সুবিধা থাকা ফিনল্যান্ড বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজর কেড়েছে।

সাম্প্রতিক মাসগুলোয় দেশটিতে কয়েক শ মেগাওয়াট সক্ষমতার একাধিক ডেটা সেন্টার প্রকল্পের ঘোষণা এসেছে। গত জুলাইয়ে পিওর ডিসি ফিনল্যান্ডে ১ দশমিক ৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করে বিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা জানায়।

এছাড়া আর্সেম ফিনল্যান্ডে সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট সক্ষমতার একটি ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে। এর আগে মার্চে নেবিয়াস ইউরোপের অন্যতম বড় এআই ফ্যাক্টরি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করে দেশটিতে।

স্থানীয় শিল্পসংশ্লিষ্টদের মতে, ফিনল্যান্ডে এআই অবকাঠামোর চাহিদা দ্রুত বাড়ছে। দেশটিতে নতুন বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে।

ফিনল্যান্ডের আইনজীবী প্রতিষ্ঠান হ্যানেস স্নেলম্যানের রিয়েল এস্টেট বিভাগের অংশীদার মাত্তি লাজুনেন বলেন, ‘শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে ফিনল্যান্ডকে এখন ‘ইউরোপের টেক্সাস’ বলা হয়। নতুন অনেক প্রতিষ্ঠান প্রতি সপ্তাহেই দেশটির বাজারে প্রবেশের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

এআইয়ের জন্য প্রয়োজনীয় বিপুল কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতে ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়াচ্ছে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো। সে ধারাবাহিকতায় ফিনল্যান্ডে গুগলের ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলারের বিনিয়োগ দেশটির ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামো খাতকে আরো গতিশীল করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।