প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের বিনিময় মূল্য ছয় সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে। দৃঢ় অর্থনীতি ও সুদহার আরেক দফা বৃদ্ধির সম্ভাবনাকে সামনে রেখে শক্তিশালী গ্রিনব্যাক। খবর রয়টার্স।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি উপাত্তে দেখা গেছে, গত সপ্তাহে বেকারত্ব সুবিধার জন্য আবেদন কমেছে। এছাড়া জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল সাত মাসের সর্বোচ্চে। শুক্রবার সর্বশেষ উপাত্তে দেখা গেছে, স্টার্লিং, ইউরো ও জাপানি ইয়েনের বিনিময় মূল্য ছয় সপ্তাহের সর্বনিম্নে দাঁড়িয়েছে। এতে ডলারের মূল্য সূচক ছয় সপ্তাহের সর্বোচ্চ ১০৪ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএমসি মার্কেটসের বাজার বিশ্লেষক টিনা টেং রয়টার্সকে জানান, সাম্প্রতিক উপাত্তে স্পষ্ট যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ সবল। শিগগিরই মন্দায় পড়ার ঝুঁকিতে নেই বিশ্বের শীর্ষ অর্থনীতিটি।

আরো সুদহার বৃদ্ধির আভাস দিয়েছেন ফেড কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, চলতি মাসের শুরুতে যে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানো হয়েছিল তা পর্যাপ্ত নয়। আরো বাড়ানো প্রয়োজন ছিল সুদহার।