রাজধানীতে নতুন কিচেন হাইজিন সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন করেছে লায়ন কল্লোল লিমিটেড। মামা লেমন লিকুইড ডিশওয়াশের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনের লক্ষ্য, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা শেখানো।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার লেকশোর হাইটসে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ক্যাম্পেইনরটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জাইকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, লায়ন কল্লোল লিমিটেড, কল্লোল গ্রুপ অব কোম্পানিসের প্রতিনিধিরা এবং শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বর্তমানে এ উদ্যোগ মানিকগঞ্জের ৬৫১টি স্কুলে চলছে। সেখানে ৩য় ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা হাত ধোয়া, খাবার নিরাপদে রাখা ও সঠিকভাবে থালাবাসন পরিষ্কারের পদ্ধতি শিখছে।
শিক্ষার্থীদের ‘হাইজিন অ্যাম্বাসেডর’ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা পরিবার ও কমিউনিটিতে স্বাস্থ্যবিধি ছড়িয়ে দিতে পারে। প্রশিক্ষণ প্রক্রিয়াটি জাইকার এসটিআইআরসি প্রকল্পের তিন ধাপে চলছে। প্রথমে শিক্ষকদের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ, পরে সেই শিক্ষকরা অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেন এবং শেষ ধাপে ইন্টারঅ্যাকটিভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হয়।
জাইকার পরামর্শক ওকাদা আকিকো বলেন, শিশুরা ছোটবেলা থেকে স্বাস্থ্যবিধি শিখলে তখন নিজের পরিবার ও সমাজকে আরো স্বাস্থ্যকর করে তুলতে পারবে। এ সময় তিনি সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও জানান।
লায়ন কল্লোলের ব্যবস্থাপনা পরিচালক তাকেশি হাসেগাওয়া বলেন, লায়নের হাইজিন দক্ষতা ও কল্লোল গ্রুপের বিতরণ নেটওয়ার্ক একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে। তিনি জাইকা ও কল্লোল গ্রুপকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
কল্লোল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, কমিউনিটির দীর্ঘমেয়াদি হাইজিন সচেতনতা বাড়াতে এ উদ্যোগে যুক্ত হতে পেরে তারা গর্বিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মো. লতিফুল বারী জানান, রান্নাঘরে ব্যাকটেরিয়া জমার ঝুঁকি বেশি এবং লিকুইড ডিশওয়াশ ব্যবহার করলে দূষণ কমে ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে সহায়তা করে।
লায়ন কল্লোলের বিপণন পরিচালক তন্ময় দত্ত গুপ্ত বলেন, কিচেন হাইজিন উন্নয়নে এটি দীর্ঘমেয়াদি উদ্যোগ এবং এটি এসডিজি ৩ এর লক্ষ্যকে সমর্থন করে। ভবিষ্যতে তাদের ‘কিচেন হাইজিন অ্যাওয়ারনেস ডে’ চালু করার পরিকল্পনা রয়েছে।
২০২২ সালে জাপানের লায়ন করপোরেশন ও বাংলাদেশের কল্লোল লিমিটেডের যৌথ উদ্যোগে লায়ন কল্লোল লিমিটেড যাত্রা শুরু করে। মামা লেমন লিকুইড ডিশওয়াশ প্রযুক্তিনির্ভর ফর্মুলায় প্রতিদিনের থালাবাসন ধোয়া সহজ ও কার্যকর করছে।
—বিজ্ঞপ্তি










