বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তি বিভ্রাট ঘটে গত মাসে। বাগ বা ত্রুটির কারণে মাইক্রোসফটের উইন্ডোজ-চালিত কম্পিউটারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রযুক্তিনির্ভর ব্যবসাগুলোর ব্যাপক ক্ষতি হয়। একই কারণে অসংখ্য ফ্লাইট বাতিল করতে হয় যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারলাইনস কোম্পানি ডেল্টা এয়ারলাইনসকে। কিন্তু এর ফলে আর্থিক ক্ষতির জন্য ডেল্টার ওপরই দোষ চাপাচ্ছে মাইক্রোসফট। টেক জায়ান্টটি অভিযোগ করছে, প্রযুক্তিগত অবকাঠামো হালনাগাদ না করার কারণে এমন ক্ষতির মুখে পড়েছিল কোম্পানিটি। খবর সিএনবিসি।
ডেল্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এড বাস্তিয়ান জানান, প্রযুক্তি বিভ্রাটের কারণে তাদের কোম্পানির প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। মাইক্রোসফট ও ক্রাউডস্ট্রাইকের কাছে এ ক্ষতিপূরণ চাওয়া ছাড়া তাদের আর উপায় ছিল না।
এর আগে গত ১৯ জুলাই বিশ্বব্যাপী প্রযুক্তি বিভ্রাটের এ ঘটনা ঘটে। সাইবার নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক কোম্পানি ক্রাউডস্ট্রাইকের হালনাগাদে বাগের কারণেই উইন্ডোজ-চালিত কম্পিউটারগুলোয় এ সমস্যা দেখা দেয়। পরে অবশ্য কোম্পানিটি আরেকটি হালনাগাদের মাধ্যমে সমস্যাটির সমাধান করেছে।
ডেল্টার দাবি, এ ঘটনায় এয়ারলাইনস খাতে তারাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। বিভ্রাটের পরদিন ২০ জুলাই তাদের পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়।
মাইক্রোসফটের প্রতিনিধিত্বকারী আইন সংস্থা ডেকার্টের অংশীদার মার্ক শেফো মঙ্গলবার ডেল্টার অ্যাটর্নি ডেভিড বোয়েসকে লেখা এক চিঠিতে বলেন, ‘আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনসসহ অন্য বিমান সংস্থাগুলো ডেল্টার তুলনায় দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। মাইক্রোসফট এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক পর্যালোচনা থেকে জানা গেছে, ডেল্টা অন্যান্য কোম্পানির তুলনায় প্রয়োজন অনুযায়ী তাদের আইটি অবকাঠামোর আধুনিকীকরণ করেনি।’
প্রত্যুত্তরে ডেল্টা বলেছে, তারা গ্রাহক ও কর্মীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও উন্নত পরিষেবা নিশ্চিতে প্রয়োজনীয় বিনিয়োগ করেছে। ২০১৬ সাল থেকে আইটি খাতে কোটি কোটি ডলার বিনিয়োগের পাশাপাশি যথেষ্ট পরিচালন ব্যয়ও করা হয়েছে।
এদিকে ২৯ জুলাই মাইক্রোসফটের প্রধান আইন কর্মকর্তা হোসেইন নওবারকে লেখা চিঠিতে ডেভিড বোয়েস বলেন, ‘আমরা বিশ্বাস করি, মাইক্রোসফট চুক্তির প্রয়োজনীয় বিষয়গুলো মেনে চলতে ব্যর্থ হয়েছে। কারণ ত্রুটিপূর্ণ হালনাগাদের কারণে যে এ ঘটনা ঘটল তা অবহেলা ছাড়া কিছুই নয়।’
মাইক্রোসফটের আইনজীবী শেফফো তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ক্রাউডস্ট্রাইকের হালনাগাদ ত্রুটির কারণে যে বিভ্রাট হয়েছে তাতে ডেল্টা ও এর গ্রাহকদের প্রতি সহানুভূতি থাকছে। তবে আপনি যে চিঠি দিয়েছেন এবং ডেল্টার প্রকাশ্য মন্তব্য অসম্পূর্ণ, মিথ্যা, বিভ্রান্তিকর ও মাইক্রোসফটের সুনামের জন্য ক্ষতিকর।’
চিঠিতে শেফফো আরো বলেন, ’১৯-২৩ জুলাই পর্যন্ত মাইক্রোসফটের পক্ষ থেকে বিনামূল্যে সাহায্য করার কথা বলা হয়েছে। কিন্তু ডেল্টা সে সাহায্য নেয়নি।’
তবে ডেল্টা সিইও দাবি করেছেন, ক্রাউডস্ট্রাইক কোনো আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দেয়নি। বরং সমাধান হিসেবে বিনামূল্যে পরামর্শের কথা বলেছে।










