দুর্নীতির মামলার কারণে চলতি বছর ভিয়েতনামের আবাসন খাত চ্যালেঞ্জের মুখে ছিল। তবে আগামী বছর এ খাত ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে আন্তর্জাতিক আবাসন পরিষেবা সংস্থা কুশম্যান ও ওয়েকফিল্ড। খবর নিক্কেই এশিয়া।
বিশ্বব্যাপী সরবরাহ চেইন পরিবর্তনের মধ্যে কারখানার জমির চাহিদা বাড়ার কারণে ২০২৪ সালে দেশটির আবাসন খাত পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। গত মাসে রিয়েল এস্টেট সম্পর্কিত ঘুষ ও আত্মসাতের অভিযোগ উঠেছিল। ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানে অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে।
কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড ভিয়েতনামের নির্বাহী পরিচালক স্টিফেন হিগিন্স জানান, চীন থেকে ভিয়েতনামে উৎপাদন প্রক্রিয়া স্থানান্তরকারী কোম্পানিগুলো স্থানীয় শিল্প পার্কগুলোয় থাকার বিষয়ে এখনো আগ্রহী, যা কিছু ক্ষেত্রে আগামীতে এক-তৃতীয়াংশেরও বেশি সম্প্রসারণ হবে।
দেশটির স্থানীয় পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, ২০২৩ সালের প্রথম ১১ মাসে ১ হাজার ১৬০টি রিয়েল এস্টেট কোম্পানি বিলুপ্ত হয়ে যাওয়ায় সম্পত্তি খাতে ঋণ ও চাহিদা হ্রাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড কান্ট্রি হেড ট্রাং বুই জানান, বাসা-বাড়িগুলো একমাত্র বিভাগ, যেখানে চাহিদা কিছুটা শিথিল তবে শিল্প ও অফিসস্পেসের চাহিদা বেড়েছে। আবাসন বিশেষজ্ঞ বুইয়ের পূর্বাভাস, ঋণহার কমে যাওয়ার সঙ্গে আগামী বছরের প্রথমার্ধে আবাসিক বাড়ি বিক্রির পরিমাণ বাড়বে। তিনি আরো জানান, দুর্নীতিবিষয়ক মামলার পর থেকে বিদেশী বিনিয়োগকারীরা সতর্ক রয়েছেন। সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেবে ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে, এখন সেটাই দেখার বিষয়।
পরিসংখ্যান অফিস জানিয়েছে, চীন ও অন্যান্য দেশ থেকে ভিয়েতনামের শিল্পোৎপাদন স্থানান্তরের পদক্ষেপে প্রতিফলন হিসেবে ২০২৩ সালের প্রথম ১১ মাসে ভিয়েতনামের শিল্পোৎপাদন বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। আগামী ১০ বছর বা ২০৩৩ সালের মধ্যে দক্ষিণ শিল্পাঞ্চলের আয়তন ১৫ হাজার হেক্টর থেকে ৪১ হাজার ৩০০ হেক্টরে উন্নীত হবে। তবে কিছু প্রতিবন্ধকতা এখনো বিদ্যমান, যার মধ্যে চাকরি হারানোর ফলে বাড়ির ক্রেতা সংখ্যা কমে যাওয়া অন্যতম। স্যাভিলসের মতে, দেশের বৃহত্তম শহর হো চি মিন সিটির ফ্ল্যাটগুলোর ৪০ শতাংশেরও কম বিক্রি হয়েছে।
কর্তৃপক্ষ ভূমি বিধিমালা আপডেট করছে। তবে তারা অনুমোদন দেয়ার ক্ষেত্রে সতর্কতামূলক অবস্থান অবলম্বন করেছে। সরকারের দায়িত্ব অংশ হিসেবে দুর্নীতিবিরোধী অভিযানের ফলে অনেক সরকারি কর্মকর্তারাও শঙ্কিত রয়েছেন।










