স্যানেক্স শাওয়ার জেলের একটি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের বিজ্ঞাপন মান নিয়ন্ত্রণ সংস্থা (এএসএ)। বিজ্ঞাপনটি কালো ত্বককে শুষ্ক ও অমসৃণ দেখানো হয়েছে। অন্যদিকে সাদা ত্বককে মসৃণ ও স্বাভাবিক দেখানো হয়েছে। এএসএ দুটি অভিযোগ এনে জানিয়েছে, বিজ্ঞাপনটিতে সাদা ত্বককে কালো ত্বকের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছে। এর ফলে জাতিগত বর্ণবৈষম্য আরো প্রবল হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।

গত জুনে সম্প্রচারিত বিজ্ঞাপনটিতে দুজন কৃষ্ণাঙ্গ মডেলের ত্বককে খসখসে, শুষ্ক ও অমসৃণ দেখানো হয়। অপরদিকে শ্বেতাঙ্গ মডেলের ত্বককে তুলনামূলক স্বাভাবিক ও মসৃণ দেখানো হয়। মূলত বিজ্ঞাপনটি স্যানেক্স স্কিন থেরাপি প্রোডাক্টের ‘২৪ ঘণ্টা আর্দ্রতা’ দেয়ার সক্ষমতার কথা প্রচার করেছে। বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল, ‘ প্রশান্তি হতে পারে একটি সহজ গোসলের মতো।’

স্যানেক্সের মালিক প্রতিষ্ঠান কোলগেট-পামোলিভ জানান, বিজ্ঞাপনটি বিভিন্ন ত্বকের জন্য তৈরি করা হয়েছে। যেখানে শাওয়ার জেল ব্যবহারের আগে ও পরের দৃশ্য দেখানো হয়েছে, জাতিগত তুলনা করার জন্য নয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন ত্বকের জন্য পণ্য তৈরি করে এবং বৈচিত্র্যকে গুরুত্ব দেয়।

এএসএ জানিয়েছে, যদিও বিজ্ঞাপনটির এমন বার্তা দেয়া মূল উদ্দ্যেশ্য ছিল না। তবুও প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলা হয়েছে যাতে ভবিষ্যতে গুরুতর জাতিগত বৈষম্য বা আপত্তি সৃষ্টি না হয়। সংস্থাটি জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচার কোড ভঙ্গ করেছে। তাই একই ফরম্যাটে আর দেখানো যাবে না।

টিভি বিজ্ঞাপন অনুমোদনকারী সংস্থা ক্লিয়ারকাস্ট জানিয়েছে, বিজ্ঞাপনটি নেতিবাচক জাতিগত বিভেদ ছড়ানোর উদ্দেশ্য ছিল না। তারা বলেছে, কৃষ্ণাঙ্গ মডেলদের ত্বক খসখসে ও শুষ্ক দেখানো কেবল ত্বকের সমস্যা প্রদর্শনের জন্য ছিল, ত্বকের প্রকৃত রঙ মুখ্য বিষয় ছিল না।

স্যানেক্স বিবিসি নিউজকে জানিয়েছে, তারা এএসএর সিদ্ধান্তকে সম্মান করে এবং তাদের লক্ষ্য বিভিন্ন ত্বকের জন্য স্বাস্থ্যসম্মত পণ্যের প্রচারণা করা।