নভেল করোনাভাইরাস সংক্রমণজনিত নানা বিধিনিষেধের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আকাশপথে বাণিজ্যিক ভ্রমণ। কিন্তু সে সময়ও বিশ্বের অতিধনী ও বড় ব্যবসায়ীরা আকাশপথ ব্যবহার করেছেন। নিজেদের সুরক্ষা নিশ্চিত করে ব্যক্তিগত উড়োজাহাজের মাধ্যমে আকাশপথে ভ্রমণ করেছেন অনেকে। এ কারণে মহামারী শুরুর পর থেকে বাড়তে শুরু করেছে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সংখ্যা।
বিবিসির খবরে বলা হয়েছে, কারো কারো একান্ত নিজস্ব জেট থাকলেও অনেকে বেছে নিয়েছেন ভাড়া উড়োজাহাজকে। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি যেমন থাকছে না, তেমনি থাকছে না ব্যস্ত বিমানবন্দর ব্যবহারের ঝক্কিও। ফলে উন্নত বিশ্বের ধনী নাগরিকরা নিজের ও পরিবারের সদস্যদের চলাচলের জন্য এখন এসব উড়োজাহাজ ব্যবহার করছেন।
ব্যক্তিগত উড়োজাহাজগুলো সাধারণত বিলাসবহুল হয়ে থাকে। সম্প্রতি এ বিলাসবহুল অভিজ্ঞতা নিয়ে চালু হয়েছে এয়ার ট্যাক্সি। আগে থেকেই চালু ছিল ভাড়া নেয়ার সুবিধা। টানা দুই বছর যখন আকাশপথে যাত্রা বন্ধ ছিল, তখনো বিশ্বের অতিধনী ও বড় ব্যবসায়ীরা নিরাপদে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, বিলাসবহুল এসব বাহনের মাধ্যমে সাধারণ বিমানবন্দরের ভিড়ভাট্টা এড়ানো সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে উড়োজাহাজে ওঠার তাড়া নেই, যখন যাত্রী প্রস্তুত হবেন তখনই সেটি যাত্রা শুরু করবে। আরামদায়ক চেয়ারে বসে পানীয়ে চুমুক দিতে দিতে গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব হবে।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক উদ্যোক্তা রিক শিরমার মতে, তিনি তার পরিবার ব্যক্তিগত জেটে চলাচল করতে নিরাপদ বোধ করেন। তিনি বলেন, ব্যক্তিগত উড়োজাহাজে চলাচলের কারণে বিমানবন্দরের নিরাপত্তার কড়াকড়ি, সময়ক্ষেপণ, ভিড়, ফ্লাইটের বিলম্ব এড়ানো যায়। বিশেষ করে বিমানবন্দরে যেসব মানুষ মাস্ক পরিধান করেন না, তাদেরও এড়ানো যায়।
মূলত মহামারীর সময় থেকেই ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজস্ব উড়োজাহাজের প্রতি আগ্রহী হয়ে ওঠেন অতিধনীরা। বিশেষ করে ২০২১ সালে ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহারের পরিমাণ অনেক বেড়েছে। গত বছর বিশ্বজুড়ে ৩৩ লাখ ব্যক্তিগত ফ্লাইট চলাচল করেছে, যা এখন পর্যন্ত রেকর্ড। ২০১৯ সালের তুলনায় এ পরিমাণ ৭ শতাংশ বেড়েছে। ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহারের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।
ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া দেয়া প্রতিষ্ঠান ভিসতা জেটের চিফ কমার্শিয়াল অফিসার ইয়ান মুরে বলেন, সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের চেয়ে বেশি সুবিধার জন্যই গ্রাহকরা আমাদের সেবা বেছে নেন। এক্ষেত্রে ভ্রমণের সময় শিথিল থাকে, নিজের ইচ্ছামতো সময়ে উড্ডয়ন করা যায়। সে কারণেই তাদের পছন্দের তালিকায় উঠে এসেছে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ।
এ প্রতিষ্ঠানের বহরে রয়েছে ৭৩টি উড়োজাহাজ। গত বছরের তুলনায় ইউরোপে গ্রাহক সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশে চাহিদা বৃদ্ধির পরিমাণ ২১ শতাংশ। প্রতিষ্ঠানটি বলছে, তাদের গ্রাহকদের ৭১ শতাংশই ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহারের নিয়মিত গ্রাহক ছিলেন না। কিন্তু মহামারীকালে নিজেদের সুরক্ষা ও যোগাযোগ নিশ্চিত করতেই তারা এ ফ্লাইটে নির্ভরশীল হয়ে পড়েছেন। ২০২২ সালে এসব গ্রাহকের সংখ্যা আরো বাড়বে বলে প্রত্যাশা মাল্টাভিত্তিক প্রতিষ্ঠানটির।
অনলাইন বুকিং প্লাটফর্ম জেটলিও একই ধরনের তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যক্তিগত উড়োজাহাজ বুকিংয়ের জন্য ১৫ হাজারের বেশি অনুরোধ পেয়েছে জেটলি।
যেহেতু মহামারীর কারণেই বেড়েছিল ব্যক্তিগতভাবে উড়োজাহাজে ভ্রমণের পরিমাণ, এখন সংক্রমণ কমে গেলে বা মহামারী শেষ হয়ে গেলে সেটি অব্যাহত থাকবে কিনা সে প্রশ্ন উঠেছে। শুধু তা-ই নয়, এ ধরনের উড়োজাহাজ পরিবেশের জন্য কতটা উপযোগী সেটি নিয়েও আলোচনা চলছে।










