এল নিনো আবহাওয়া পরিস্থিতির নেতিবাচক প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে ব্রাজিলের কৃষি খাতে। বিঘ্নিত হচ্ছে সয়াবিন ও ভুট্টার আবাদ এবং ফলন। এর ফলে ২০২৩-২৪ মৌসুমের জন্য শস্য দুটির উৎপাদন পূর্বাভাস সংশোধন করে কমিয়েছে ব্রাজিলের খাদ্য সরবরাহ সংস্থা কোনাব। পাশাপাশি বেসরকারি পূর্বাভাসদাতা সংস্থাগুলোও উৎপাদন কমার আশঙ্কা প্রকাশ করেছে। খবর রয়টার্স।
কোনাব সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায়, ২০২৩-২৪ মৌসুমে ব্রাজিলে ১৪ কোটি ৯৪ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। জানুয়ারিতে দেয়া পূর্বাভাসে যা ছিল ১৫ কোটি ৫২ লাখ টন। মৌসুমের শুরুর দিকে ১৬ কোটি ২০ লাখ টন উৎপাদনের প্রত্যাশা করেছিল সংস্থাটি। অন্যদিকে ভুট্টা উৎপাদনের সম্ভাব্য পরিমাণ ধরা হয়েছে ১১ কোটি ৩৭ লাখ টন, যা আগে ছিল ১১ কোটি ৭৬ লাখ টন।
নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমের তুলনায় সয়াবিন উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ কমতে পারে। দেশটির মধ্য পশ্চিম অঞ্চলে অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে তেলবীজটির উৎপাদন পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
অন্যদিকে শুষ্ক আবহাওয়ার কারণে ভুট্টার ফলনও ব্যাহত হচ্ছে। দেশটিতে দুই ধাপে ভুট্টা উৎপাদন হয়। মোট উৎপাদনের ২১ শতাংশই আসে প্রথম ধাপ থেকে। দেশটির দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের অভাবে এ ধাপের উৎপাদন ব্যাহত হচ্ছে। দ্বিতীয় ধাপের উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১৪ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।










