চলমান যুদ্ধ পরিস্থিতির পরও ইউক্রেনের অর্থনীতি এ বছর পুনরুদ্ধারের পথে হাঁটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। দেশটির ব্যাংক ব্যবস্থা পুরোপুরি কার্যকর থাকাসহ বেশকিছু কারণে এ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
ইউক্রেন সফরের পর দেয়া এক বিবৃতিতে জর্জিয়েভা বলেন, ‘ইউক্রেনের ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর। বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালানো হলেও অর্থনীতি তার সঙ্গে মানিয়ে নিচ্ছে। সরকারি সংস্থা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্যভাবে ভালো কাজ করছে। তারা কর আদায় করছে এবং কর্মীদের মজুরি ও পেনসন দেয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।’
ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশটির অর্থনীতি সচল রয়েছে বলেও জানান জর্জিয়েভা। তিনি বলেন, ‘এর মধ্যেও সেখানে দোকান খোলা রয়েছে, পরিষেবাগুলো কাজ করছে এবং মানুষ কাজে যাচ্ছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আইএমএফের এ কর্মকর্তা বলেন, ‘তারা রূপান্তরের মাধ্যমে এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে চান। এসব বৈঠকে আমি আইএমএফের ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। ইউক্রেনকে সহায়তা করতে আগের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আইএমএফ। এর মধ্যে রয়েছে বড় ধরনের আর্থিক সহায়তাও।’
ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল গত সপ্তাহে জর্জিয়েভার সঙ্গে বৈঠকের পর বলেন, ‘কয়েক বছর মেয়াদি ও অন্তত ১ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে কিয়েভ।’










