চলতি বছর শেষে সব মিলিয়ে সাড়ে চার লাখ টন কাজুবাদাম রফতানির প্রত্যাশা রয়েছে ভিয়েতনামের। পণ্যটি রফতানি বাবদ ৩৫০ কোটি মার্কিন ডলার আয় করতে চায় দেশটি। এরই মধ্যে (বছরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত) আন্তর্জাতিক বাজারে ৪ লাখ ১৮ হাজার টন কাজুবাদাম রফতানি করেছে দেশটি, যা থেকে আয় হয়েছে ৩০০ কোটি ডলার। খবর ভিয়েতনাম প্লাস।

এ সময় ভিয়েতনাম থেকে রফতানীকৃত কাজুবাদামের শীর্ষ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এর পরই রয়েছে চীন ও তৃতীয় অবস্থানে নেদারল্যান্ডস।

এদিকে পণ্যের গুণগতমান ও আন্তঃসীমান্ত বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ জোরদার করায় এ বছর ভিয়েতনাম থেকে চীনে কৃষিপণ্য রফতানি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বছরের শুরু থেকেই প্রতিবেশী দেশটিতে কৃষিপণ্য রফতানিতে মন্দা ভাব বজায় রয়েছে। তবে কাজুবাদামের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। এবার দেশটি থেকে বেইজিংয়ে খাদ্যপণ্যটির রফতানি রেকর্ড বেড়েছে।

জেনারেল ডিপার্টমেন্ট অব ভিয়েতনাম কাস্টমসের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) চীনের বাজারে দেশটি সব মিলিয়ে ৫৮ হাজার ১০০ টন কাজুবাদাম রফতানি করেছে। এ থেকে দেশটি আয় করেছে ৪৪ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় দেশটি থেকে চীনে পণ্যটির রফতানি ও আয় বেড়েছে যথাক্রমে ৫৮ ও ৩৬ দশমিক ৩ শতাংশ।