দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা সম্প্রসারণে ৩ কোটি ৬০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে বীমা প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ইগলু। সিঙ্গাপুরের এ প্রতিষ্ঠান ইউরাজিওর বীমা প্রযুক্তি ফান্ড এবং ওপেনস্পেসের ওএসভিপ্লাস ও প্যারিসভিত্তিক বিনিয়োগকারী লা মেসনের থেকে এ বিনিয়োগ পেয়েছে। খবর নিক্কেই এশিয়া।

এ তহবিলের কারণে আগামীতে ইগুলুকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য কোম্পানি কিনে নিতে বা একীভূত করতে দেখা যেতে পারে। কোম্পানিটি বর্তমানে বিজনেস টু বিজনেস টু কনজিউমার মডেল পরিচালনা করছে। এর মাধ্যমে ইগলু এন্টারপ্রাইজ গ্রাহকদের কাছে বীমা পণ্যের পরিবেশক হিসেবে কাজ করে। কোম্পানিটির বীমা অংশীদারদের মধ্যে রয়েছে এটিকা, সম্পো ইন্স্যুরেন্স ও চাব। আর এন্টারপ্রাইজ গ্রাহকদের মধ্যে রয়েছে লাজাদা ও শোপির মতো ই-কমার্স ফার্ম।

ইগলু ই-কমার্স ক্রয় সুরক্ষা, মোবাইল ফোন বীমা, পেট প্রটেকশন সলিউশন, গেমারদের জন্য স্বাস্থ্য বীমা ও অতিসম্প্রতি কৃষকের জন্য আবহাওয়া সূচক কভারেজসহ বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইগলুর বার্ষিক প্রবৃদ্ধি এসেছে ৪৪ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছর মোট ৫১ লাখ ৩০ হাজার ডলার আয় হয়েছে। কার্যক্রম পরিচালনায় ইগলু ৩ কোটি ৫ লাখ ডলার নগদ অর্থ ব্যয় করার রেকর্ড করেছে।

ব্যবসা সম্প্রসারণে আঞ্চলিক টিমকে আরো বড় করবে কোম্পানিটি। ২০২৪ সালের মধ্যে ইগলু আরো ১০০ জনকে নিয়োগ দেবে। এর মধ্য দিয়ে ২৫০ জনের শক্তিশালী আঞ্চলিক টিম গঠন করবে।