খারাপ সময় পার করছে বিশ্বের বৃহত্তম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলার। সে সুযোগে চাহিদা বাড়ছে চীনের সবচেয়ে বড় ইভি নির্মাতা বিওয়াইডির। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

তীব্র প্রতিযোগিতা ও চীনের নতুন জ্বালানিচালিত গাড়ি বিক্রিতে ব্যাপক মন্দা সত্ত্বেও বিওয়াইডি সর্বকালের উচ্চ বিক্রির রেকর্ড করেছে। শিগগিরই কোম্পানিটি তাদের তৃতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশ করবে।

ইলোন মাস্ক চলতি মাসের শুরুর দিকে একটি নেতিবাচক পূর্বাভাস দিয়ে ইভি সেক্টরের ওপর ঝাঁকুনি দিয়েছিলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদহার কোম্পানির বিক্রিকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে টেসলার গাড়িগুলো এক প্রকার মূল্যযুদ্ধের মধ্যে রয়েছে। এরই মধ্যে কোম্পানিটির গাড়ির দাম কয়েক দফা কমানোও হয়েছে। অন্যদিকে শিল্প বিশ্লেষকরা মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের প্রক্ষেপণ কমিয়েছে। একই সময়ে চীনা গাড়ি নির্মাতা বিওয়াইডির জন্য আয়ের প্রক্ষেপণ বাড়িয়েছে।

টকভিল ফাইন্যান্সের এশিয়ান ইক্যুইটির প্রধান কেভিন নেট বলেন, ‘‌বিওয়াইডি এখনো লাভের সঙ্গে পরিসর বৃদ্ধির ভারসাম্য বজায় রেখেছে। স্বল্পমেয়াদে টেসলার সঙ্গে নিরাপদ প্রতিযোগিতাও অব্যাহত রেখেছে।’

বিওয়াইডি সর্বশেষ প্রান্তিকে হাইব্রিডসহ মোট ৮ লাখ ২২ হাজার ৯৪টি গাড়ি বিক্রির রেকর্ড করেছে, যা চীনের সর্বাধিক বিক্রীত গাড়ির ব্র্যান্ড হিসেবে তাদের অবস্থানকে পাকাপোক্ত করেছে। দামের প্রতিযোগিতা সত্ত্বেও গাড়িপ্রতি আরো বেশি আয় করেছে বিওয়াইডি, যা অনেকটা বিস্মিত করেছে শিল্প পর্যবেক্ষকদের।