দেশে চলছে ডলার সংকট, ব্যবসা-বাণিজ্যে রয়েছে ধীরগতি। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। বিদ্যমান এমন অর্থনৈতিক পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় চ্যালেঞ্জিং হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আয়কর তথ্য-সেবা মাস উপলক্ষে এনবিআরের সম্মেলন কক্ষে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘আমি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছি। তারপর থেকেই করোনার তাণ্ডব শুরু হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। অর্থনীতির এ করুণ অবস্থার মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছুই করতে পারিনি। তবে এনবিআরের নীতিগত সংস্কার, প্রশাসনিক কাঠামো, অটোমেশন, নতুন জনবল অনুমোদন এবং আয়কর আইন প্রণয়নে কাজ করেছি। কাস্টমস আইন সংসদে উঠবে। সেটা নিয়ে কাজ করেছি। অফিসের পলিসি, ম্যানেজমেন্ট ও অডিট ম্যানুয়াল নিয়ে কাজ করেছি। ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে বাজেটে কিছু বিষয় যুক্ত করেছি।’

অনলাইনে রিটার্ন জমা দিতে করদাতাদের দৃষ্টি আকর্ষণ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘পদ্ধতিগত জটিলতা আগের চেয়ে কমানো হয়েছে। যেমন অনলাইন মাধ্যমেই উৎসে কর কর্তনের হিসাব করা যাবে। আবার এক পাতার আয়কর রিটার্নও অনলাইনে দেয়া যাবে। ফলে ব্যক্তি করদাতারা সহজেই অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া রিটার্ন জমা দেয়ার পর করদাতাদের প্রমাণপত্র দেয়া হবে। এসব কারণে আশা করছি, এ বছর অনলাইনে করদাতার সংখ্যা বাড়বে। তবে নভেম্বরের শেষ দিকে করদাতাদের রিটার্ন জমা দেয়ার চাপ বাড়তে পারে। এতে অনলাইন সিস্টেমের গতি ধীর হয়ে যেতে পারে। ফলে এখন থেকেই অনলাইন রিটার্ন জমা দিতে পারেন করদাতারা।’ সেবা না পেলে ব্যবসায়ীদের অভিযোগ করারও আহ্বান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আয়কর মেলার আদলে কর অফিসে করদাতারা ওয়ানস্টপ সেবা পাবেন। বিকাশ, রকেট, নগদ কিংবা ইউক্যাশ ব্যবহার করে ঘরে বসেই কর দেয়ার সুবিধা পাবেন করদাতারা।’

এ বছর আয়কর দিবসের প্রতিপাদ্য ‘কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে করদাতারা আজ থেকে মাসব্যাপী প্রতিটি কর অঞ্চলে আয়করসংক্রান্ত একাধিক সেবা পাবেন। দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে এ সেবা দেয়া হবে। মেলার পরিবেশে করদাতারা আয়কর রিটার্ন দাখিল, নতুন টিআইএন গ্রহণসহ সব ধরনের সেবা নিতে পারবেন। কর অঞ্চলগুলো ছাড়াও সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ক্যান্টনমেন্টে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রেও আয়কর রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা ও করসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

এনবিআর চেয়ারম্যান জানান, ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট টিআইএনধারীর সংখ্যা ছিল ৯০ লাখ ৩ হাজার ২০৬। গত সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ৯৩ লাখ ৪৬ হাজার ৮৫৯ জন।