চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে প্রায় ৪৯ শতাংশ। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস কমেছে ২৪ পয়সা বা ৪৮ দশমিক ৯৮ শতাংশ। আর চলিত হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৮০ পয়সা। 

এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৮ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সায়।

আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৮০ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩০ অক্টোবর বেলা ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৬ অক্টোবর। ডিএসইতে আজ বে লিজিংয়ের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৩ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৮ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।