গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জিটিসিএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. মো. হাফিজুর রহমান ভূঞা। সভায় কোম্পানির শেয়ারহোল্ডার ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জিটিসিএলের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। সভায় জানানো হয়, কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ১৫৯ কোটি ৫২ লাখ ঘনমিটার গ্যাস ও ১৩ কোটি ৪৬ লাখ লিটার কনডেনসেট পরিবহন করে ২ হাজার ২১৬ কোটি ১৩ লাখ টাকা এবং অন্যান্য আয় বাবদ ৫১ কোটি ৮৬ লাখ টাকাসহ সর্বমোট ২ হাজার ২৬৭ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানি করপূর্ব নিট মুনাফা ৩১৯ কোটি ১১ লাখ টাকা ও কর-পরবর্তী নিট মুনাফা ২৪৬ কোটি ৯৯ লাখ টাকা অর্জন করেছে এবং সর্বমোট ৯২৫ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।









