শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ প্রকাশনা এবং দেশের ক্রমবর্ধমান মোবাইল অ্যাপ ইকোসিস্টেম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। রবি আজিয়াটার উদ্যোগে পরিচালিত জাতীয় অ্যাপস্টোর ও ডিজিটাল প্লাটফর্ম ‘বিডিঅ্যাপস’-এর সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে সিআইইউ প্রোগ্রামিং ক্লাব।

বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে বিডিঅ্যাপস টিম সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে অ্যাপ ডেভেলপমেন্টের বাস্তব চ্যালেঞ্জ, বিডিঅ্যাপস প্লাটফর্মে অ্যাপ প্রকাশের ধাপ, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং অ্যাপ মনিটাইজেশন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করে।

এ সময় স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুর রশীদ সোহাগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, উদ্ভাবনের গুরুত্ব এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এছাড়া বিডিঅ্যাপস ন্যাশনাল অ্যাপস্টোর প্রজেক্টের আওতায় মিয়াকির সদস্য মুহাম্মাদ আলতামিশ নাবিল, শাহেদ সাদ উল্লাহ, মোহাম্মদ আরিফ হাসান, মীর রিয়াজ উদ্দিন ও মাহির আসেফ অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল এবং প্রোগ্রামিং ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. সাজ্জাতুল ইসলাম; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেনগুপ্ত এবং সহকারী অধ্যাপক আতিকুর রহমান।