দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার দেশ অর্থনৈতিক সংকটে ভুগছে। তাই আর্থিক সংকটাপন্ন শ্রমিক ও পেনশনভোগীদের একাধিক আর্থিক সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয় চলতি সপ্তাহে জানায়, মূল্যস্ফীতি বেড়ে যাওয়া ও সরকার কর্তৃক দেশের মুদ্রার অবমূল্যায়নের পর সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর রয়টার্স।

অর্থমন্ত্রী সার্জিও মাসা ইনস্টাগ্রাম পোস্টে জানান, আগামী তিন মাসে প্রায় ৭৫ লাখ পেনশনভোগীকে ৩৭ হাজার পেসোর একটি প্যাকেজ দেবে সরকার। সার্জিও মাসা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী। মাসা বলেন, ‘‌শ্রমিকরা ৪০০ বিলিয়ন পেসো ঋণ পাবেন। যারা স্বনির্ভর শ্রমিক রয়েছেন, তাদের ছয় মাসের কর মওকুফ করা হবে। এছাড়া যারা খাদ্য সুবিধা পাবেন, তাদের অতিরিক্ত ভাতাও প্রদান করা হবে।’

কিছু শিল্পোন্নত আঞ্চলিক পণ্য যেমন মদ, চাল ও তামাকজাত পণ্যগুলোর জন্য রফতানি কর স্থগিত করার ঘোষণাও দিয়েছিলেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী। একই সঙ্গে সাম্প্রতিক তীব্র খরায় ক্ষয়ক্ষতির শিকার কৃষকদের সার প্রদানে তহবিল গঠনের কথাও জানান তিনি। মাসা আরো বলেন, ‘‌আমাদের লক্ষ্য প্রতিটি আর্থিক খাতে কিছু না কিছু রাষ্ট্রীয় সুবিধা প্রদান করা। সরকার ব্যাংকের অর্থায়নে সাহায্য করবে। রফতানি বাড়ানোয় সহায়তার জন্য ৭৭ কোটি ডলারের তহবিল দেয়া হবে। এছাড়া ৫৫ লাখ শ্রমিককে বোনাস দেয়ার জন্য কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি পেসোর বিনিময় হার প্রায় ২০ শতাংশ অবমূল্যায়নের দুই সপ্তাহ পর এ পদক্ষেপগুলো নিয়েছে আর্জেন্টিনা সরকার।’