ভারতীয় অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ নিট মুনাফা করেছে টাটা মোটরস। এ সময় কোম্পানির নিট মুনাফা ছিল ৫ হাজার ৫৬৬ কোটি রুপি, আগের বছর এর পরিমাণ ছিল ৩ হাজার ২০৩ কোটি রুপি। খবর দ্য হিন্দু।

অবশ্য জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় মুনাফা কমেছে ৬৮ শতাংশ, ওই প্রান্তিকে মুনাফা ছিল ১৭ হাজার ৪০৭ কোটি রুপি।

টাটা মোটরসের আর্থিক প্রতিবেদন অনুসারে, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির মোট পরিচালন আয় ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১ লাখ ৮ হাজার ৪৮ কোটি রুপি হয়েছে। গত বছর আয়ের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ২৩৬ কোটি রুপি। তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকে টাটার আয় ছিল ১ লাখ ১৯ হাজার ৯৮৬ কোটি রুপি।

নগদ মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধির কারণে এ সময় টাটা মোটরসের নগদ অর্থপ্রবাহ ছিল ১ হাজার ২০০ কোটি রুপি। তবে অটোমোটিভ ঋণ কিছুটা বেড়ে হয়েছে ১৮ হাজার ৬০০ কোটি রুপি।

টাটা মোটরস গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা পিবি বালাজি বলেন, ‘প্রথম প্রান্তিক সব ব্যবসায় স্বতন্ত্র কৌশলের প্রয়োগ অব্যাহত ছিল, যা গত বছরের মতো কোম্পানির গতিকে এগিয়ে নিয়ে গেছে। আমরা আসন্ন প্রান্তিকে পারফরম্যান্স ধরে রাখতে এবং একটি শক্তিশালী বছর দেখার বিষয়ে আত্মবিশ্বাসী।’

এদিকে কোম্পানির বোর্ড টাটা মোটরসকে দুটি পৃথক তালিকাভুক্ত কোম্পানিতে বিভক্ত করতে অনুমোদন দিয়েছে। এ প্রক্রিয়া ১৫ মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। এছাড়া ৯-১২ মাসের মধ্যে শেষ হবে টাটা ক্যাপিটালের সঙ্গে টাটা মোটরস ফাইন্যান্সের একীভূতকরণ প্রক্রিয়া। দুই মাসের মধ্যে কোম্পানিটি ডিভিআর শেয়ার বাতিল এবং ওআরডি শেয়ার ইস্যু করার পরিকল্পনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি বিক্রি থেকে আয় ৭ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ১১ হাজার ৮০০ কোটি রুপি। এ সময় ১ লাখ ৩৮ হাজার ৬৮২টি গাড়ি বিক্রি হয়েছে। এছাড়া সিএনজি ব্যবহৃত গাড়ির পরিমাণ ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। অভ্যন্তরীণ বাণিজ্যিক গাড়ির বিক্রি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৩ হাজার ৭০০ ইউনিট হয়েছে। এ বাবদ টাটা মোটরস আয় করেছে ১৭ হাজার ৮০০ কোটি রুপি।