আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) গতকাল এ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে রয়েছেন জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডার প্রতিষ্ঠাতা ও সিইও খন্দকার জিয়া হাসান এবং বিজনেস ইংলিশ ট্রেইনার মেহেদী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান ব্যাংক খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করে গ্রাহকসেবার উৎকর্ষ সাধন করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সমন্বিত দলগত কর্মপরিবেশ গড়ে তোলা এবং ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। মো. রাফাত উল্লা খান বলেন, ‘যে দক্ষতা ও মনোভাব তারা (প্রশিক্ষণার্থী) এখন গ্রহণ করছেন, তা ভবিষ্যতে ব্যাংক খাতের উন্নতির সঙ্গে সঙ্গে তাদের নিজস্ব পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফরহাদ উল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে ব্যাংকের মোট ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, আত্মবিশ্বাস ও প্রভাব বিস্তার কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তোলা হবে।