গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল। স্থবির হয়ে আসে শিল্প ও বাণিজ্য খাত। ফলে ওই বছর দেশটিতে জ্বালানি তেলের ব্যবহার কমে ২৫ বছরের সর্বনিম্নে নেমে যায়। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইআইএর দেয়া তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে পেট্রোলিয়ামের ব্যবহার কমে দৈনিক ১ কোটি ৮১ লাখ ব্যারেলে পৌঁছায়। এর মধ্যে শুধু পরিবহন খাতেই পণ্যটির ব্যবহার গত বছর কমেছে ১৫ শতাংশ। ব্যবহারের নিম্নমুখী এ হার সর্বকালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের গত বছরের পেট্রোলিয়াম পণ্য ব্যবহারের প্রাক্কলন প্রতিবেদনে ইআইএ জানায়, জ্বালানি নির্ভর প্রতিটি খাতেই জ্বালানি তেলের ব্যবহার হ্রাস পেয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলেন, পেট্রোলিয়াম ব্যবহার হ্রাসের অন্যতম কারণ লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ। বিশেষ করে পরিবহন খাতে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের ব্যবহার কমেছে লক্ষণীয় মাত্রায়।

যুক্তরাষ্ট্রে সর্বাধিক ব্যবহূত পেট্রোলিয়াম পণ্য মোটর গ্যাসোলিন। গত বছর পণ্যটির ব্যবহার ১৪ শতাংশ কমে দৈনিক ৮০ লাখ ব্যারেলে নেমেছে। ১৯৯৭ সালে এর এটি সর্বনিম্ন ব্যবহার। যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ব্যবহারের ৪৪ শতাংশই পূরণ করেছে গ্যাসোলিন। অন্যদিকে মোটর গ্যাসোলিন ব্যবহারের ৯৬ শতাংশই পূরণ করেছে পরিবহন খাত। বাকি ৪ শতাংশ ব্যবহার হয়েছে শিল্প ও বাণিজ্যিক খাতে। ডিজেলের ব্যবহার কমেছে ৮ শতাংশ। এছাড়া জেট ফুয়েলের ব্যবহার ৬২ শতাংশ হ্রাস পেয়েছে।