যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক বাজারে তামা ও স্বর্ণের দামে তাৎক্ষণিকভাবে বড় ধরনের উল্লম্ফন দেখা দিতে পারে। বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা এমনটা জানিয়েছেন। খবর রয়টার্স।
এক নোটে বিনিয়োগ ব্যাংকটি জানায়, ফেডারেল রিজার্ভ দুই বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশীয় পয়েন্ট বাড়ালে বড় পরিসরে ধাতব পণ্যের দাম বাড়বে। বিশেষ করে তামার দাম ৬ ও স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে পারে ৩ শতাংশ।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বর্তমানে তামার তিন মাস সরবরাহ চুক্তি লেনদেন হচ্ছে টনপ্রতি ৮ হাজার ৫৮৪ ডলারে, যা তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ২ হাজার ৩০ ডলার ৩০ সেন্টে বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
ওয়াল স্ট্রিট ব্যাংক জানায়, কৃষিপণ্য ও প্রাকৃতিক গ্যাসের দামে খুব একটা প্রভাব ফেলবে না সুদহার কমানোর সিদ্ধান্ত। বরং মৌসুম চাহিদা, সরবরাহ ও মজুদ এবং আবহাওয়া পরিস্থিতি এসব পণ্যের মূল্য ওঠানামার ক্ষেত্রে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়, অনেক বিশ্লেষক মনে করছেন, আগামী জুনে সুদহার কমাতে পারে ফেডারেল রিজার্ভ। তবে কোনো কোনো অর্থনীতিবিদ বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন আরো বিলম্বিত হওয়ার ঝুঁকি রয়েছে।










