আগের বছরের তুলনায় এবার ভিয়েতনামের কফি রফতানি ১৪ শতাংশ কমতে পারে। তবে এ সময় দেশটির চাল রফতানি বাড়তে পারে আড়াই শতাংশ। দেশটির সরকার সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। খবর বিজনেস রেকর্ডার।

দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) তথ্য অনুযায়ী, ভিয়েতনাম থেকে চলতি বছর শেষে সব মিলিয়ে ১৬ লাখ ১০ হাজার টন বা ২ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হতে পারে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ কম।

এদিকে রফতানি কমার জেরে এ সময়ে বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী দেশটির আয়ও কমবে। এ খাতে দেশটি এবার ২৭৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করতে পারে, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ কম।

এদিকে এ বছর দেশটির চাল রফতানি বেড়ে ৬২ লাখ ৫৯ হাজার টনে উন্নীত হতে পারে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। তবে রফতানি বাড়লেও আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির দামে মন্দা থাকায় এ খাতে দেশটির আয় কমবে। জিএসওর তথ্য অনুযায়ী, চাল রফতানি থেকে এ বছর ভিয়েতনাম সব মিলিয়ে ২৭৫ কোটি ৮০ লাখ ডলার আয় করতে পারে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ কম।