এ অংশীদারত্বের আওতায় সারা দেশে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা হবে। ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং উইমেন অন্ট্রারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান।
এ সময় ট্রাস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনা হেনা চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্রেডিট হোলসেল স্কিমের আওতায় ১ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ৮ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে, যা তৃণমূল পর্যায়ের উদ্যোক্তা এবং প্রথাগত জামানতভিত্তিক ঋণ সুবিধা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষভাবে সহায়ক হবে।










