নতুন কর আইন ও অনলাইন রিটার্ন দাখিল সম্পর্কে করদাতাদের সচেতনতা বৃদ্ধিতে স্ম্যাক আইটি লিমিটেড, দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল চেম্বার কনফারেন্স হলে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। হাইলাইটস অব পিআইটি অ্যান্ড ট্যাক্স রিটার্ন থ্রু ট্যাক্সডুবিষয়ক কর্মশালায় সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার বলেন, সিলেটের করদাতারা কর প্রদানে অত্যন্ত আন্তরিক। গত ২০২২-২৩ অর্থবছরে সিলেট অঞ্চলের করদাতারা ১ হাজার ৭৫ কোটি টাকা আয়কর দিয়েছেন, যেখানে আমাদের কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ কোটি টাকা। তিনি এজন্য সিলেটের করদাতাদের আন্তরিক ধন্যবাদ জানান।
কর কমিশনার আরো বলেন, ‘চলতি ২০২৩-২৪ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা। এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে বলে আমরা আশাবাদী। করদাতাদের সুবিধার্থে বর্তমানে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া চালু হয়েছে। অনলাইনেই প্রাপ্তি স্বীকারপত্র ও ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ব্যবসায়ী ও করদাতারা কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখেন। কিন্তু বাংলাদেশে করদাতারা যথাযথ মূল্যায়ন পান না। কর আহরণ বৃদ্ধির জন্য উন্নত দেশের সিস্টেমকে অনুসরণ করা হচ্ছে। কিন্তু উন্নত দেশগুলোর মতো করদাতাদের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে না। কর বৃদ্ধির সঙ্গে সঙ্গে করদাতাদের জন্য সুযোগ-সুবিধাও বাড়ানো আবশ্যক।
কর্মশালার বিষয়বস্তুর ওপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন স্ম্যাক আইটি লিমিটেডের ডাইরেক্টর স্নেহাশীষ বড়ুয়া ও অ্যাসোসিয়েট ডাইরেক্টর মাকসুদ আলম। গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান, সিলেট চেম্বারের ভ্যাট, বাজেট, শুল্ক, কর সাব কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর মো. মাসুদ রানা, সিলেট চেম্বারের সদস্য মো. আবুল কালাম, এসএম শায়েস্তা তালুকদার, শাফি মো. নাহিয়ান, দেবাশীষ চক্রবর্তী, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ। —বিজ্ঞপ্তি










