ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের সমাবর্তনে ১ হাজার ৭৩৬ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইন ইলিনয় ও গ্রেইঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. এম তাহের এ সাইফ।

সভাপতির বক্তৃতায় বুয়েট উপাচার্য ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘নতুন নতুন উদ্ভাবনকে কীভাবে স্কেলেবল সমাধানের মাধ্যমে আরো উন্নত ও টেকসই করা যায় সেদিকে নজর দিতে হবে।’ এজন্য তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের শ্রমভিত্তিক শিক্ষাকে জ্ঞানভিত্তিক শিক্ষায় রূপান্তরের তাগিদ দেন। এছাড়া বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দেশের সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকায়নে নবীন গ্র্যাজুয়েটদের ন্যায়ভিত্তিক কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন নতুন গ্রাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘আজকের এ অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তি সমৃদ্ধির কাজে নয় বরং সমাজ উন্নয়নের কাজও করতে হবে।’

সমাবর্তন বক্তা ড. এম তাহের এ সাইফ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান ও তাদের কর্মক্ষেত্রে সফলতা কামনার পাশাপাশি মানব কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন, ‘ইউআইইউ গ্র্যাজুয়েটরা পেশাগত প্রচেষ্টা ও কৃত্বিতের মাধ্যমে তাদের পরিবার এবং দেশের জন্য গর্ব বয়ে আনবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সমাবর্তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সবগুলো অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।