পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশের বেশি কমেছে। ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১৬ পয়সা বা ৪৮ দশমিক ৪৮ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৬ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২২ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
২০২১-২২ হিসাব বছরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৮ পয়সা।










