চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত ২০২৫ কুনমিং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের শিক্ষা সহযোগিতা সম্মেলনে অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে ছিলেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ব্যবসা অনুষদের ডিন ড. মোজাফফর আলম চৌধুরী ও বিবিএ কো-অর্ডিনেটর ড. হাসুনুজ্জামান তুষার। অনুষ্ঠানটি গত ২৩ অক্টোবর চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়।
এবারের সম্মেলনের মূল শিরোনাম ছিল ‘স্মার্ট শিক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা’। অনুষ্ঠানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি দেশের ৮৬ জন প্রতিনিধি ও ১০ জন বিদেশী কূটনীতিক অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ডিজিটাল প্রয়োগ’ শীর্ষক চার সদস্যের গোলটেবিল আলোচনায় অংশ নেন। তিনি মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান উপস্থাপন করেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

পাশাপাশি আইইউবিএটি প্রতিনিধিদল ইউনান স্কুল অব বিজনেসের প্রশাসনিক সদস্যদের সঙ্গে আলোচনায় মিলিত হয়। এর মাধ্যমে আইইউবিএটি ব্যবসা অনুষদ ও ইউনান স্কুল অব বিজনেসের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক প্রণয়নের প্রস্তাব দেয়া হয়। সিদ্ধান্ত হয় যে, আইইউবিএটি পক্ষ থেকে খসড়া প্রণয়ন করে ইউনান স্কুল অব বিজনেসের কাছে মতামত ও অনুমোদনের জন্য পাঠানো হবে।-বিজ্ঞপ্তি










