ইউরোপের চারটি প্রধান পর্যটন গন্তব্যে পুনরায় ফ্লাইট চালু করছে কোরিয়ান এয়ার। বুধবার এয়ারলাইনসটি জানায়, এপ্রিলের শেষ নাগাদ এ পরিষেবা চালু হবে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

কভিড-১৯ মহামারীজনিত কারণে তিন বছর বিরতির পর এয়ারলাইনসটি গত ২৭ মার্চ থেকে প্রাগ ও জুরিখে ফ্লাইট শুরু করেছে। ২৪ এপ্রিল থেকে ইস্তানবুল ও মাদ্রিদে ফ্লাইট চালু হবে। প্রতি রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলবে। পর্যটন স্থানের মধ্যে এই চার শহর কোরিয়ার কাছে সবচেয়ে জনপ্রিয়। 

পূর্ব ইউরোপে অবস্থিত প্রাগে কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। সুইজারল্যান্ডের বৃহত্তম শহর জুরিখকে সুইস আল্পসের প্রবেশদ্বার বলা হয়। সেখানে পর্যটকরা চারটি সর্বোচ্চ শৃঙ্গ পরিদর্শন করতে পারেন। সেগুলো হলো ম্যাটারহর্ন, জুংফ্রাউ, শিলথর্ন ও মন্ট ব্ল্যাংক। এশিয়া ও ইউরোপকে সংযুক্তকারী তুরস্ক ইস্তানবুল, ক্যাপাডোসিয়া, পামুক্কালে ও আন্তালিয়াসহ বিখ্যাত পর্যটন স্পটের জন্য পরিচিত। মর্যাদাপূর্ণ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের আঞ্চলিক ঘাঁটি মাদ্রিদও একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্টপ। ডন কুইক্সোটের শহর টলেডো দিনের ভ্রমণের জন্য বিখ্যাত।

কোরিয়ান এয়ার বলছে, রুটে ভ্রমণকারী যাত্রীরা বার্সেলোনা, ভিয়েনা ও বুদাপেস্টের মতো প্রতিবেশী শহরগুলোর জন্য সংযোগকারী ফ্লাইট ব্যবহার করতে পারে। যেগুলোর কার্যক্রম গত বছর শুরু হয়েছে।

কোরিয়ার বৃহত্তম এয়ার ক্যারিয়ার এপ্রিলের শেষ নাগাদ ৭৮টি আন্তর্জাতিক রুটে মোট ৬৬২টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করার লক্ষ্য নির্ধারণ করেছে। এয়ারলাইনসটি মহামারী-পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে।