নভেল করোনাভাইরাস মহামারী সত্ত্বেও গত বছর বেশ স্থিতিশীলতার পরিচয় দিয়েছে চীনের স্বর্ণ শিল্প। এমনটাই দাবি দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি)। খবর সিনহুয়া।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের উপাত্তে দেখা গেছে, গত বছর চীনের মোট স্বর্ণ উত্তোলন বছরওয়ারি ৪ দশমিক ২ শতাংশ কমে ৪৮০ টনে দাঁড়িয়েছে। স্বর্ণের চাহিদা কমায় গত বছর এর বিক্রি ১৮ দশমিক ১ শতাংশ কমে ৮২১ টনে দাঁড়িয়েছে।

গত বছর সাংহাই গোল্ড এক্সচেঞ্জের টার্নওভার ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ২২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইউয়ান বা ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

চলতি বছরের পূর্বাভাসে এমআইআইটি বলছে, একীভবন ও অধিগ্রহণের মাধ্যমে স্বর্ণ শিল্প নিজেদের স্থিতিশীল রাখার চেষ্টা করবে এবং এ খাতে নিরাপদ ও উচ্চমানসম্পন্ন উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়াবে।